প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১১:১১ (রবিবার)
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা আজ

সিলেটের আধ্যাত্মিক রাজধানীখ্যাত হজরত শাহজালাল (রহ.) মাজারের সাতশ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হচ্ছে দানবাক্স। আজ শনিবার (১৩ জুলাই) বেলা ১২টায় মাজার প্রাঙ্গণে বিশেষ কমিটির তত্ত্বাবধানে এই অর্থ গণনা কার্যক্রম শুরু হবে। দানকৃত অর্থ গণনায় সহযোগিতা করবেন মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে ‘সিলেটের বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার মাজারের ঐতিহাসিক তিনটি ডেক ও চারটি দানবাক্স খোলা হবে। স্বচ্ছতা নিশ্চিতে পুরো কার্যক্রমটি কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হবে। এর আগে গত ২২ জুন প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো দানবাক্স খুলে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় মাজারের সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিক প্রশাসক জানান, শনিবার সকাল ১০টা থেকে গণনা শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা দুপুর ১২টায় নির্ধারণ করা হয়। গণনা শেষে প্রাপ্ত অর্থ সোনালী ব্যাংকে জেলা প্রশাসকের নামে নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।

উল্লেখ্য, গত ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারের দানবাক্স সিলগালা ও নতুন বাক্স স্থাপনের উদ্যোগ নিলে ভক্ত ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলেও মাজারের আর্থিক শৃঙ্খলার স্বার্থে গঠিত উচ্চপর্যায়ের কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সভায় মাজারের ভবিষ্যৎ আর্থিক ও প্রশাসনিক কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাজারের ভক্ত ও অনুরাগীদের যেকোনো বিভ্রান্তি পরিহার করে কমিটির ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।