সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলোর টাকা দ্বিতীয়বারের মতো গণনা চলছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। মাজারের তিনটি বড় ঐতিহাসিক ডেগ এবং ছোট-বড় ৫টি দানবাক্স থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। তবে এবার টাকার সাথে পাওয়া বেশ কিছু চিরকুট চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মাজারের দানবাক্সে পাওয়া এসব চিরকুটে ভক্তদের নানা আর্তি ও অভিযোগের কথা উঠে এসেছে। কেউ লিখেছেন চাকরি পেলে মাজারে খাসি দান করবেন, আবার কোনো চিরকুটে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। কেউ মাজারের পশু কেনাবেচায় তছরুপ ও কর্মচারীদের চাকরিচ্যুতির অভিযোগ এনেছেন। এরমধ্যে আলোচিত হয়েছে জনৈক মোহাম্মদ জুবায়ের আহমদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লেখা একটি চিরকুট।
এতে তিনি লিখেছেন, ‘প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, জানিনা আমার এই চিরকুট আপনার কাছে পৌঁছাবে কি না? আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। কিন্তু আপনার প্রতি বিনীত অনুরোধ আমাদের দেশে যতগুলো ধর্ষণ ও খুন হয়েছে তার কোনো হিসাব নাই, বিশেষ করে ধর্ষণ। আমাদের স্বাধীনতার প্রায় ৫৪ বছর এখন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পারছি, আমার মনে হয় না। আমার মনে হয়, সাধারণ জনগণের বিচারের প্রতি কোনো আস্থা নাই। আমাদের ছোট শিশু রামিসার বিচার কবে কার্যকর হবে ৩ মাস, ১ বছর, ৫ বছর না ১০ বছর বলা খুব কঠিন। রামিসা, আছিয়া হাদী, পাথর দিয়ে মারা বিচার চাই।’
চিরকুটে আরো লেখা রয়েছে, ‘বিশেষ করে মাদকের সাথে জড়িত যারা আমার মনে হয় মাদক ব্যবসা যারা করে তাদের হাত অনেক বড় না হয় থানা ম্যানেজ করে চলে। গ্রামের প্রায় ৯০ ভাগ মানুষ মাদক আসক্ত, শিশু তরুণ কিশোর। লাভ ইউ বাংলাদেশ’
চিঠির অপরপৃষ্ঠায় লেখা রয়েছে- ‘সবার আগে বাংলাদেশ’।