প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১৯:৩৮ (রবিবার)
শাহজালাল (র.) দরগাহে নগদ ৪৮ লাখ, সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার

ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (র.)-এর পবিত্র দরগাহে মাত্র ১৮ দিনে দানবাক্স ও ডেগে জমা পড়েছে ৪৮ লাখ ২৫ হাজার ১০০ টাকা। এ ছাড়া দান হিসেবে পাওয়া ছাগল বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে মিলেছে ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণালঙ্কার।

শনিবার (১১ জুলাই) প্রায় ছয় ঘণ্টাব্যাপী গণনা শেষে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণনা শেষে জানানো হয়, দরগাহের ডেগ ও দানবাক্স থেকে মোট ৪৭ লাখ ১০ হাজার ১০০ টাকা পাওয়া গেছে। এছাড়া দান হিসেবে পাওয়া ২৫টি ছাগল বিক্রি করে আরও ১ লাখ ২৫ হাজার টাকা আয় হয়েছে। সব মিলিয়ে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ ২৫ হাজার ১০০ টাকা।

এ ছাড়া দানবাক্সে যুক্তরাষ্ট্রের ডলার, ইউরোপের ইউরোসহ কয়েকটি দেশের বিভিন্ন মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এসব বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের মূল্য নির্ধারণের পর পৃথকভাবে হিসাব সংরক্ষণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।