প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ ১৫:০৪ (সোমবার)
সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবিরাই বাজারে ক্রেতার ঘুষিতে আলী হোসেন (৩৮) নামের ওই ব্যবসায়ী প্রাণ হারান। নিহত আলী হোসেন বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে এবং স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে অভিযুক্ত ওই ক্রেতা আলী হোসেনের দোকানে ডিজেল কিনতে যান। এ সময় দোকানদার আগের বকেয়া টাকা পরিশোধের কথা জানালে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে ওই ক্রেতা আলী হোসেনের নাকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান চালাচ্ছে।