প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ ১৫:৩১ (সোমবার)
টাইফুন বাভির চীনে আঘাত: ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর

চীনের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী টাইফুন ‘বাভি’র তাণ্ডব শুরু হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে দেশটি। তবে প্রাণহানি এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। শনিবার সন্ধ্যায় প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত এই টাইফুনটি প্রথমে তাইজৌ শহরে আঘাত হানে এবং পরবর্তীতে মধ্যরাতে ওয়েনঝৌ শহরের স্থলভাগে প্রবেশ করে।

জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালানোর পর চীনের উপকূলে আছড়ে পড়া এই ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর আগে ফিলিপাইনে বাভির প্রভাবে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে টাইফুন বাভি প্রবল গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হলেও এর ভেতরে থাকা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে চীনজুড়ে ভারী বৃষ্টিপাত ও বন্যার মারাত্মক ঝুঁকি রয়েছে। ঝড়ের কারণে ঝেজিয়াং প্রদেশে বিশেষ সতর্কতা জারি করে স্কুল, অফিস ও সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিবহণ খাতেও এর বিশাল প্রভাব পড়েছে; বাতিল করা হয়েছে ৪০০-র বেশি ফ্লাইট এবং অসংখ্য ট্রেন চলাচল।

ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংজৌ এবং কয়েক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে টাইফুনের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়ের তীব্রতায় ছাদের টালি ও গাছপালা ভেঙে পড়ার শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের গতিপথ পর্যালোচনা করে রাজধানী বেইজিং থেকেও প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ক্রমশ শক্তি হারাবে, তবে সোমবার আনহুই এবং মঙ্গলবার শানডং উপদ্বীপ অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে।