প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ ১৯:২৩ (সোমবার)
জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

ছবি: সংগৃহীত

জনগণের স্বার্থ ক্ষুণ্ন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য আইএমএফের কাছ থেকে অর্থ পাওয়া নয়, বরং বাংলাদেশের জনগণ ও দেশের অর্থনীতির স্বার্থ রক্ষা করা। নতুন যে কোনো কর্মসূচিতে জনস্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।

তিনি বলেন, আগের সরকারের নেওয়া আইএমএফ কর্মসূচিতে এমন অনেক শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য ছিল না। সে কারণেই বর্তমান সরকার ওই কর্মসূচি থেকে সরে এসেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা জোরদার করতে বর্তমান ভিসানীতি সংশোধন করা হবে। নীতিটি আরও সহজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব করা হবে।

তিনি বলেন, ভিসানীতি আধুনিক হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ করা আরও সহজ হবে।