প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নিজেদের দেশকে আমাদের নিজেদেরই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে পরিবেশ বা দেশ ঠিক করে দিয়ে যাবে না।’ সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশালে এটিই তাঁর প্রথম সফর।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বনাঞ্চল ও গাছের সংখ্যা অনেক কম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরনে যে পরিবর্তন এসেছে, তা মোকাবিলায় সবুজায়নের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য গড়ে তুলতে হলে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযানের জন্য ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নতুন স্লোগান ঘোষণা করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের পরিবেশতাত্ত্বিক সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব।
একদিনের এই সফরে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালে পৌঁছান। তাঁর নির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল গৌরনদী উপজেলার বাটাজোরে নবখননকৃত সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। এছাড়া তিনি বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ করেন এবং অপরাহ্নে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর সড়কপথেই ঢাকা ফেরার কথা রয়েছে।