প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ ১৩:৪৮ (মঙ্গলবার)
চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন

ঢাকায় সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের যুবক মাহবুব সারওয়ার রাজনের (২৫)। নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রাজন জকিগঞ্জ পৌরশহরের গন্ধদত্ত গ্রামের আবুল কালাম ওরফে কালু মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে উপবন এক্সপ্রেস যোগে ঢাকা থেকে সিলেট ফেরার পথে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের মাত্র আট মাস পার করা রাজন শুক্রবার পরীক্ষা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা দেন। কিন্তু রাত গভীর হওয়ার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চায় পরিবার। প্রযুক্তির সহায়তায় পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে রাজনের ফোনের সর্বশেষ অবস্থান ছিল হবিগঞ্জের বাহুবল এলাকায়। পরবর্তীতে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া লাশের ছবি দেখে রাজনের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।

নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল জানান, লাশ উদ্ধারের খবরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। রাজনের বড় ভাই মাহবুব হাসান মুন্না জানান, মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশের একটি ঝুপড়ি ঘরের নিকট থেকে স্থানীয়রা তার ভাইয়ের মরদেহ পায়। রাজনের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনা প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, স্বজনদের মাধ্যমে আমরা বিষয়টি অবগত হয়েছি এবং পূর্ণাঙ্গ আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছি। অন্যদিকে, শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রাশেদ পারভেজ ছায়িম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ গুরুত্বের সাথে ঘটনার তদন্ত চালাচ্ছে।