প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ ১৯:০৭ (মঙ্গলবার)
পাহাড়ি ঢলে বিলীনের মুখে সাতছড়ির ‘ত্রিপুরা পল্লী’

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কবলে পড়ে বিলীনের শঙ্কায় রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ‘ত্রিপুরা পল্লী’। ঢলে পাহাড়ের পাদদেশ ধসে পড়ায় ইতোমধ্যে বেশ কয়েকটি বসতঘর ছড়ায় বিলীন হয়ে গেছে। বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছে এখানকার ২৪টি আদিবাসী পরিবার। পর্যাপ্ত প্রতিরক্ষা বাঁধ বা গাইডওয়াল না থাকায় এবারের বর্ষায় পুরো পল্লীটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, টানা বৃষ্টির প্রভাবে পাহাড়ি ছড়াগুলোতে তীব্র স্রোত তৈরি হয়েছে। এতে পানির তোড়ে টিলার মাটি সরে গিয়ে পল্লীর একমাত্র যাতায়াত পথটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত দুই বছর ধরে সড়কটি বিধ্বস্ত অবস্থায় থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের পাহাড় বেয়ে কিংবা ছড়া পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির সময় এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

পল্লীর বাসিন্দা তপন দেববর্মা জানান, গত বছর তিনটি ঘর বিলীন হয়েছিল, আর এবার পুরো গ্রামই হুমকির মুখে। যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

গ্রামপ্রধান চিত্ত দেববর্মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বারংবার প্রশাসনের কাছে ধরণা দিয়েও কোনো লাভ হয়নি। অন্তত পাঁচটি পরিবার এরই মধ্যে আশ্রয়হীন হয়েছে। দ্রুত গাইডওয়াল নির্মাণ না করলে আমাদের ঘরবাড়ি রক্ষায় আর কোনো উপায় থাকবে না।’

সাতছড়া রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে একটি গাইডওয়াল নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ভাঙন রোধে বড় অংকের বিশেষ বরাদ্দ প্রয়োজন। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি ঝুঁকিতে থাকা পরিবারগুলোর বিকল্প আবাসনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে প্রশাসন।