ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গিয়ে এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ভিসা আবেদনকারীদের জন্য তাদের ব্যবহৃত সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইলের তথ্য দেওয়া এখন বাধ্যতামূলক।
সম্প্রতি এক নির্দেশনায় ঢাকার মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে, তথ্য গোপন করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
সোমবার (১৩ জুলাই) ইউএস এম্বাসি ঢাকা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়। সেখানে বলা হয়, ডিএস-১৬০ (DS-160) ভিসা আবেদন ফরমে আবেদনকারীকে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজার নেম বা হ্যান্ডেল বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
দূতাবাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আবেদনকারী যখন আবেদনপত্রে স্বাক্ষর করেন, তখন তিনি সেখানে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এমন পরিস্থিতিতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেন বা ভুল তথ্য প্রদান করেন, তবে তার ভিসা আবেদন বাতিল করা হবে। শুধু তাই নয়, এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। তাই ভিসা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সঠিক তথ্য প্রদানের জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।