প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ ১৯:২৯ (মঙ্গলবার)
বিশ্বকাপে ভিএআর সুবিধায় শীর্ষে মেক্সিকো, দুইয়ে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের আসরে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচগুলোতে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে যখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনা চলছে, তখন সামনে এলো চাঞ্চল্যকর এক পরিসংখ্যান। নর্থইস্টার্ন গ্লোবাল নিউজের সংগৃহীত তথ্যানুযায়ী, চলতি আসরের নকআউট পর্ব পর্যন্ত ভিএআর সুবিধায় আর্জেন্টিনা শীর্ষে নয়, বরং সবার উপরে জায়গা করে নিয়েছে সহ-আয়োজক মেক্সিকো।

প্রতি ১০০টি ফাউলে ভিএআর হস্তক্ষেপের হারের ওপর ভিত্তি করে তৈরি এই তালিকায় দেখা গেছে, মেক্সিকোর পক্ষে গেছে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত, বিপরীতে তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি।

তালিকায় আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় অবস্থানে; তাদের পক্ষে গেছে ৬.৭ শতাংশ রায়।

সমালোচকরা লিওনেল মেসিদের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ তুললেও পরিসংখ্যান বলছে, গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের ম্যাচে ভিএআর একবারও হস্তক্ষেপ করতে হয়নি। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই প্রযুক্তির কিছু রায় তাদের পক্ষে গেলেও তা নিয়ে বিতর্কের চেয়ে তথ্যের সত্যতাই বেশি স্পষ্ট। এ তালিকায় ৪.৬ শতাংশ সুবিধা নিয়ে তিন নম্বরে রয়েছে পর্তুগাল।

অন্যদিকে, প্রযুক্তির এই প্যাঁচে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তে একটি গোল বাতিলের ফলে আসর থেকে ছিটকে যেতে হয় লুকা মদ্রিচদের। পরিসংখ্যান বলছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে গেছে ৬.৫ শতাংশ সিদ্ধান্ত, যা তাদের ক্ষতিগ্রস্ত তালিকার শীর্ষে রেখেছে।

এছাড়া ইরান ও কাতার যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থেকে ক্ষতির মুখে পড়েছে।

সুবিধাভোগী শীর্ষ পাঁচের অন্য দলগুলো হলো নিউজিল্যান্ড (৪.২%) ও সৌদি আরব (৩.৬%)। বিপরীতে প্রযুক্তির কারণে গোল বাতিল বা পেনাল্টি বঞ্চিত হওয়ার তালিকায় ওপরের সারিতে রয়েছে জার্মানি ও ইংল্যান্ড। এই পরিসংখ্যান ফুটবল অঙ্গনের সেই চিরন্তন তর্ককে উসকে দিল যে, প্রযুক্তি কি আসলেই সমতা নিশ্চিত করছে, নাকি কোনো কোনো দল অজান্তেই এর মাধ্যমে বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে।