ছবি: সংগৃহীত
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট থেকে সিলেটেও নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় যুক্ত হচ্ছে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’।
নতুন কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, ১ আগস্ট ২০২৬ থেকে সারাদেশের মতো সিলেটের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রেও টিসিভি প্রয়োগ শুরু হবে। টিকাটি শিশুর বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে ০ দশমিক ৫ মিলিলিটার মাত্রায় এক ডোজ হিসেবে দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিয়মিত টিকাদান সেশনে এমআর-২ (হাম-রুবেলা দ্বিতীয় ডোজ) টিকার পাশাপাশি একই দিনে টিসিভি টিকাও দেওয়া যাবে। এতে অভিভাবকদের অতিরিক্ত কোনো দিন টিকাকেন্দ্রে যেতে হবে না এবং শিশুদের টিকাদান আরও সহজ হবে।
টিকাদান কার্যক্রমকে আরও কার্যকর ও ত্রুটিমুক্ত করতে ডিজিটাল নিবন্ধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করবেন।
এছাড়া কর্মসূচি সফল করতে সিলেটের বিভিন্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সচেতনতামূলক উঠান বৈঠক এবং প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যুক্ত হওয়ায় সিলেটসহ দেশের শিশুদের টাইফয়েডজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।