প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ ১৬:২৫ (মঙ্গলবার)
সিলেটে যে অপরাধে ৯ জনকে ধরলো র‌্যাব

সিলেটে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে ৯ জনকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার (১৩ জুলাই) রাতে গোলাপগঞ্জ ও নগরীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রথম অভিযানে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া কলেজ রোড এলাকার একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘোষগাঁও  এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আজাদুর রহমান (২৫), কানাইঘাট উপজেলার নারায়নপুর এলাকার মৃত মাসুক উদ্দিনের ছেলে শিপন উদ্দিন (২৪), গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকার মৃত আফতাব আলীর ছেলে সামাদ আহম্মদ (৩০), নেত্রকোনার মোহনগঞ্জ থানার উল্লুকান্দা  এলাকার মৃত শাবিনূরের ছেলে শাকিব (২০) এবং গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন এলাকার মৃত আনোয়ার হোসেন বাদলের ছেলে ইয়াসিন আরাফাত (২৮)।

অপরদিকে, একই রাতে নগরীর কোতয়ালী থানার পশ্চিম শেখঘাট নবাব রোড এলাকায় একটি পানের দোকানে অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

আটকরকৃতরা হলেন- সিলেট নগরীর শেখঘাট এলাকার বিল্লাল আহম্মদের ছেলে মুন্না আহম্মদ (২৬), জিল্লাল মিয়ার ছেলে সাগর তালুকদার (৩০), আব্দুল বাছিরের ছেলে সুমন আহম্মদ (২৭) এবং জানু মিয়ার ছেলে সাইফ ইসলাম সুমন (২৬)।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন। সাধারণ মানুষকে অল্প টাকায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে খেলায় যুক্ত করে কমিশন আদায় করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি র‌্যাব-৯ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।