প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ ২১:০১ (মঙ্গলবার)
শেখ হাসিনার ফেরা ও প্রত্যর্পণ নিয়ে ভারতের বক্তব্য

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুথানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া এবং ভারত এই বিষয়ে যথাযথ আইনি পথেই এগোবে। তিনি স্পষ্ট করেন, এই বিষয়ে ভারতের পূর্ববর্তী অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

উল্লেখ্য, সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার এবং পলাতক অন্য নেতাদের নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা দেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় সহ অসংখ্য মামলা রয়েছে।

প্রসঙ্গক্রমে উঠে আসে ২০২৪ সালের সেই উত্তাল জুলাইয়ের স্মৃতি। গত বছরের ১১ জুলাই চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ৩ দিন পর, ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বিতর্কিত ‘রাজাকারের নাতিপুতি’ মন্তব্য করেন। তাঁর সেই একটি মন্তব্যই শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে সর্বাত্মক গণ-অভ্যুত্থানে রূপ দিয়েছিল। এই অগ্নিগর্ভ পরিস্থিতির চূড়ান্ত পরিণতিতে ৫ আগস্ট তাঁর সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন।