ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী মানেই অভিনয়ের ভিন্ন ধরন আর প্রতিটি চরিত্রে নিখুঁত রূপায়ণ। রূপালি পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম- গত দুই দশকে সব মাধ্যমেই নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা। তবে মাঝের সময়টাতে যে মাধ্যমটি থেকে তিনি দূরে ছিলেন, সেটি হলো তার অভিনয়ের আঁতুড়ঘর ‘মঞ্চ’। দীর্ঘ ২৫ বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে অবশেষে আবারও থিয়েটারে রাজকীয় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এই কালজয়ী তারকা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘নকাব’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে নতুনভাবে মঞ্চে পা রাখতে চলেছেন নওয়াজউদ্দিন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে শিকাগো সফরের একটি ছবি প্রকাশ করে তিনি এই ইঙ্গিত দেন। ছবিতে দেখা যায়, ‘নকাব’ নাটকের পুরো কলাকুশলী দলের সঙ্গে তিনি আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন। বিশেষ এই সফরে তার সঙ্গী হয়েছেন প্রিয় কন্যা শোরা সিদ্দিকীও। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শিকাগো যাচ্ছি নকাবের টিমের সঙ্গে।’
মুম্বাইয়ের মায়ানগরীতে প্রতিষ্ঠা পাওয়ার অনেক আগে নওয়াজউদ্দিন থিয়েটার বা মঞ্চেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন। বছরের পর বছর কঠোর অনুশীলন আর নাট্য কর্মশালার অভিজ্ঞতাই তার ক্যারিয়ারের ভিত্তি গড়ে দেয়। পরবর্তীতে যার স্বাক্ষর তিনি রেখেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে শুরু করে অসংখ্য কালজয়ী সিনেমা ও ওয়েব সিরিজে।
সংশ্লিষ্টরা বলছেন, ‘নকাব’ নাটকটি কেবল একটি প্রযোজনা নয়, বরং নিজের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগপূর্ণ অধ্যায়।
সিনেমা ও ওটিটির অতি ব্যস্ত শিডিউলের মাঝেও থিয়েটারের প্রতি তার এই চিরন্তন ভালোবাসা অনুরাগীদের মুগ্ধ করেছে। লাইভ দর্শকের সামনে সরাসরি অভিনয়ের এই চ্যালেঞ্জ নিতে নওয়াজ এখন পুরোপুরি প্রস্তুত।
তার এই প্রত্যাবর্তন অভিনয় জীবনের এক নতুন মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছেন চলচ্চিত্র ও নাট্যবোদ্ধারা।