শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (১৫ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক কিংবা বাসার আশেপাশে যেখানেই সম্ভব, একটি করে গাছ রোপণ করবে।”
তিনি আরও বলেন, একটি গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী কী উপকারে আসে, এসব বিষয়ে শিক্ষার্থীদের ইন্টারনেট ঘেঁটে গবেষণা করার আহ্বান জানান। এতে করে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
গাছের উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গাছ বড় হলে সেটি ছায়া দেবে, পরিবেশ শীতল রাখবে। স্কুলে গাছ বড় হলে বন্ধুরা সেখানে বিশ্রাম নিতে পারবে। আর বাসার পাশে গাছ থাকলে প্রাকৃতিক বাতাস উপভোগ করা যাবে, পরিবেশও অনেকটা ঠান্ডা থাকবে।”
শিশুদের উদ্দেশে তিনি বলেন, “আসো আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে আরও সবুজ করে গড়ে তুলি।”
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।
এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিতদের এ সম্মাননা প্রদান করা হয়।