প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ ১৫:১৩ (বৃহস্পতিবার)
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: অস্থির তেলের বাজার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের টানা ঊর্ধ্বগতির পর এবার নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আবেদন কিছুটা কমেছে। এর ফলে বুধবার বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দামে বড় পতন ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ২৫ ডলার ১২ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০ ডলার ৪০ সেন্টে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার ভোক্তা মূল্যস্ফীতি কমার তথ্যে দর বৃদ্ধি পেলেও বুধবার মধ্যপ্রাচ্যের অস্থিরতায় চিত্র বদলে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ পুন আরোপ এবং অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। ওআন্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওয়ং জানান, বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতির চেয়ে ভূরাজনৈতিক উত্তেজনা দমনে বেশি মনোযোগী। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, যা পরোক্ষভাবে সুদের হার চড়া রাখার সংকেত দিচ্ছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে।

অন্যদিকে, ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার স্থায়ী প্রমাণের অপেক্ষায় থাকায় মুদ্রানীতি নিয়ে ধোঁয়াশা কাটেনি। স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও হ্রাসের তালিকায় রয়েছে। তবে এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও প্যালাডিয়ামের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচকের (পিপিআই) প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন, যা ভবিষ্যৎ বাজারের গতিপথ নির্ধারণ করবে।