প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ ১৬:১৬ (বৃহস্পতিবার)
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘ/র্ষে নিহ/ত ১, গ্রেফ/তার ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রুস্তম আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আস্তমা গ্রামের নজিব আলী ও আরিছ আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আস্তমা পয়েন্ট এলাকায় প্রথম দফায় সংঘর্ষ বাঁধে। 

পরবর্তীতে রাত ১০টার দিকে নজিব আলীর বাড়ির পাশে একটি মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় উভয় পক্ষ আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষে রুস্তম আলী গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুস্তম আলী আস্তমা গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র।

ঘটনার পর পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে নজিব আলী (৭০), রাসেল আহমদ ও জুয়েল মিয়াকে আটক করে। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।