প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১২:৫৯ (বৃহস্পতিবার)
সিলেটে ফেরা হলোনা: মাঝ আকাশেই থমকে গেলো ইতালি প্রবাসীর জীবন

বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের তরুণ ফখরুল ইসলাম দীর্ঘ সাত বছর ইতালিতে কঠোর পরিশ্রমের পর দেশে ফেরার পথে এক হৃদয়বিদারক ঘটনার শিকার হলেন। পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দীর্ঘ প্রবাস জীবন শেষে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিয়তি তাকে অন্য পথে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিমান চলাকালীন ফখরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে পরিস্থিতি বিবেচনায় তুর্কি এয়ারলাইনসের ফ্লাইটটি জর্জিয়াতে জরুরি অবতরণ করে। সেখানে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত সোমবার (১৪ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রেমিট্যান্সযোদ্ধা।

ফখরুল ইসলামের মৃত্যুর খবর মৌলভীবাজারের বড়লেখার মহুবন্দ গ্রামে পৌঁছামাত্র কান্নার রোল পড়ে যায়। আব্দুল অকিদের ছেলে ফখরুলের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। যে মানুষটির হাসি মুখে বাড়ি ফেরার কথা ছিল, এখন তার নিথর দেহের অপেক্ষায় প্রহর গুনছেন বাবা-মা ও আত্মীয়স্বজন।

ফখরুলের মামা লাল মিয়া এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, 'আমরা সোমবার রাতে তার প্রয়াণের খবর পাই। সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন, ফখরুলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।' শোকসন্তপ্ত পরিবারটি এখন তাদের প্রিয় সন্তানের শেষ বিদায়ে সরকারি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছে।