প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১৬:১৭ (বৃহস্পতিবার)
বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ

সিলেটে রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের দেশ- বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ।”

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় নগরীর যুগলটিলাস্থ ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শৈশবের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ছোটবেলায় রথযাত্রা ঘিরে ছিল আলাদা আনন্দ। “বাবা-মাকে বলতাম আমরা রথে যাবো, পটাশ কিনবো, পাখি কিনবো, খই-মুড়ি নিবো০ এতে অন্যরকম আনন্দ ছিল। এখন সেই আনন্দ থেকে আমরা কিছুটা সরে গেছি,”- বলেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, চা শ্রমিকদের জন্য মানসম্মত বাসস্থান, পরিবারের চিকিৎসাসেবা এবং সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে এসব খাতে উন্নয়নে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, চা শ্রমিকদের বর্তমান ব্যবস্থায় সাপ্তাহিক নগদ মজুরির পাশাপাশি বাগান থেকে বাসস্থান, রেশন ও চিকিৎসা সুবিধা দেওয়া হয়। এছাড়া পরিবারের কোনো সদস্য কাজ করতে না পারলে অন্য সদস্যকে একই প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেওয়ার একটি দীর্ঘদিনের প্রথাও চালু রয়েছে।

তিনি জানান, প্রতি তিন বছর অন্তর মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়।

সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আজহায় চা শ্রমিকরা উৎসব ভাতা পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যেই শ্রমিকবান্ধব মনোভাবের পরিচয় দিয়েছে এবং শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শনেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।