হবিগঞ্জের আজমিরীগঞ্জে নির্মাণাধীন আঞ্চলিক মহাসড়কে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর (২৫) ও একই এলাকার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (২২)। দুর্ঘটনায় আহত সাহিদুল ইসলাম বাচ্চু ও মিজান মিয়া এনজিও 'ব্যুরো বাংলাদেশ'-এর কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।