প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ ১৩:১০ (মঙ্গলবার)
সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃ/ত্যু, প্রাণহানি শতক ছাড়ালো

সিলেটে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই শিশুদের বয়স দেড় বছরের নিচে। এই নিয়ে বিভাগে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৬৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কারোর সংক্রমণ ধরা না পড়লেও অন্তত ৫৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শিশুদের মাঝে এই রোগের বিস্তার নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। উদ্বেগের বিষয় হলো, মারা যাওয়া ১০৩ জন শিশুর মধ্যে ৪ জনের শরীরে ল্যাবে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেলেও বাকিদের ক্ষেত্রে উপসর্গ প্রবল ছিল। বিশেষ করে দেড় বছরের কম বয়সী শিশুদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।