ছবি: সংগৃহীত
সৌদি আরবের পর্যটন খাতকে আধুনিকায়ন ও দর্শনার্থীদের জন্য যাত্রা আরও সহজ করতে ওমরাহ ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এখন এক বছর বা ৩৬৫ দিন করা হয়েছে। এই বিশেষ ভিসার আওতায় দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন।
সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ অর্জনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নিয়মে ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশের আগে সরকারের অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি প্যাকেজ কেনা বাধ্যতামূলক করা হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে যে, প্যাকেজের সময়কাল যেন পাসপোর্টে থাকা ভিসার মেয়াদের চেয়ে দীর্ঘ না হয়। পাশাপাশি আগমনের আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ করার আনুষ্ঠানিক অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। তবে হজ মৌসুমের বিশেষ সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না।
অন্যদিকে, ওমরাহ ভিসার পাশাপাশি দেশটিতে কর্মরত গৃহকর্মীদের আকামা বা আবাসিক অনুমতিপত্র ইস্যু ও নবায়নের ক্ষেত্রেও অভাবনীয় নমনীয়তা এনেছে সৌদি সরকার। এখন থেকে নিয়োগকর্তারা চাইলে এক-দুই বছরের দীর্ঘমেয়াদি ফি প্রদানের পরিবর্তে সর্বনিম্ন তিন মাস মেয়াদে আকামা নবায়ন করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত) এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম ‘ওকাজ’ জানায়, নিয়োগকর্তারা এখন ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহার করে ৩ থেকে ২৪ মাস পর্যন্ত যেকোনো মেয়াদে আবাসিক অনুমতিপত্র বেছে নিতে পারবেন। এই ব্যবস্থার ফলে গৃহকর্মীদের নিয়োগ সংক্রান্ত বিশাল অংকের ফি একসাথে পরিশোধ করার চাপ কমবে এবং কিস্তিতে ফি দেওয়ার সুযোগ তৈরি হবে। আগে এই ফি কেবল এক বা দুই বছরের জন্যই পরিশোধ করা যেত, যা অনেক নিয়োগকর্তার জন্য কষ্টসাধ্য ছিল। সৌদি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপগুলো প্রবাসী এবং দর্শনার্থী উভয়ের জন্যই বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।