ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় দিকে সদর ইউনিয়নের ৫ নং পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় পথচারী ওয়াসিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। পরবর্তীতে খবরটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষ সাপটিকে মারতে তেড়ে আসে।
পরবর্তীতে এলাকার কিছু সচেতন মানুষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে গিয়ে বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
উদ্ধারকৃত অজগর সাপটি প্রায় ১৮ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ৩০–৩৫ কেজি হবে।
উদ্ধার অভিযান শেষে সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘উদ্ধারকৃত অজগর সাপটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা সাপটিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করেছি।’
অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।