প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ ২১:১৪ (বুধবার)
সিলেটে সাবেক ব্রিটিশ মেয়র জাহাঙ্গীর হককে বর্ণাঢ্য সংবর্ধনা

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর গ্র্যান্ড সিলেট হোটেলে যুক্তরাজ্যে বাংলাদেশের উজ্জ্বল মুখ, সারে’র মোল ভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক মেয়র জাহাঙ্গীর হককে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা এই ব্রিটিশ-বাংলাদেশি ব্যক্তিত্বের সম্মানে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় জাস্ট হেল্প ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের মেধা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই)-এর পরিচালক জাহাঙ্গীর হকের মতো সফল ব্যক্তিত্বরা বিদেশের মাটিতে স্বদেশের সুনাম বৃদ্ধি করছেন, যা বর্তমান ও নতুন প্রজন্মের জন্য এক বিশেষ প্রেরণা।

সংবর্ধনার জবাবে জাহাঙ্গীর হক আবেগঘন কণ্ঠে বলেন, ‘কর্মময় জীবনের পাঁচ দশকে অনেক চ্যারিটি ও সমাজসেবামূলক কাজ করলেও আমার হৃদয়ে সিলেটের প্রতি ভালোবাসা সবসময় অটুট ছিল। বিদেশের ব্যস্ততার মাঝেও শেকড়ের টানে আমি বারবার ফিরে আসি।’ তিনি আরও জানান, ভবিষ্যতে সিলেটের শিক্ষাখাতের উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তিনি আরও পরিকল্পিতভাবে কাজ করতে চান।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাস্ট হেল্প ফাউন্ডেশনের ফেরদৌস আলম, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার নাজনীন বেগম, উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন এবং প্রবীণ সাংবাদিক মুহিত চৌধুরী ও ইকরামুল কবীর।

উপস্থিত অতিথিরা জাহাঙ্গীর হকের দীর্ঘায়ু কামনা করে সিলেটের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।