প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ ২২:৩৭ (বুধবার)
জগন্নাথপুরে গ্যাসের বোতলে পানি মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বোতলজাত গ্যাসে পানি মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সামনে মেসার্স মাহাদি ট্রেডার্সে সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকারের টিম। এ সময় দোকানে থাকা বিভিন্ন এলপিজি গ্যাসের বোতল পরীক্ষা-নিরীক্ষা করে বোতলের ভেতরে গ্যাসের সাথে পানির উপস্থিতি প্রমাণ পান তারা। ওজনে কারচুপি ও গ্যাসে পানি মিশিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করার দায়ে মেসার্স মাহাদি ট্রেডার্সের মালিক জাহানুর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  সুনামগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।