সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টা থেকে আজ বুধবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত ৩২ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১শ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, চোর এবং মেট্রো অধ্যাদেশ ও বিনাপরোয়ানায় গ্রেফতারকৃত আসামি রয়েছেন। এছাড়া বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিদেরও এই অভিযানে আইনের আওতায় আনা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চোরাইপথে আসা ৩শ ৬৭ পিস ভারতীয় শাড়ি, ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১শ পুরিয়া গাঁজা। উদ্ধারকৃত এসব মালামাল জব্দ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট মহানগরী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের এই নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।