ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বুধবার (২২ জুলাই) বিকেলে এক জরুরি ব্রিফিংয়ে বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েল মজুত রয়েছে।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বাজারে গুজব ছড়াচ্ছে।
যুগ্ম সচিব আরও জানান, জ্বালানির আন্তর্জাতিক সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। চলতি জুলাই মাসের শেষ নাগাদ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগামী আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। ফলে জ্বালানি পণ্য নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় বিকল্প রুট ব্যবহারের আগাম প্রস্তুতিও রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গ্যাসের সরবরাহ প্রসঙ্গে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে। অতীতে গ্যাস অনুসন্ধানে ঘাটতি থাকলেও বর্তমান সরকার নতুন ক্ষেত্র অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি জানান, একটি এলএনজি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। মেরামতের কাজ চলছে এবং আগামী দুদিনের মধ্যে সিএনজি স্টেশনের এই সাময়িক চাপ কেটে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।