ছবি: সংগৃহীত
সিলেটের হাওয়াপাড়ায় অবস্থিত ‘সেন্ট্রাল হাসপাতাল’কে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়ন করার কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সেন্ট্রাল হাসপাতালে প্রয়োজনীয় তদারকি ও পরিদর্শনকালে নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। এর প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান সজিব অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালের লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে।
উল্লেখ্য যে, স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে সিলেটে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে প্রশাসন।
এর আগে গত সোমবার মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতালকে জরিমানা ও সিলগালা করা হয়।
এ ছাড়া মঙ্গলবার শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও একই ধরনের অনিয়ম পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স নবায়নের জন্য দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
জনস্বাস্থ্যের ঝুঁকি নিরসনে জেলা প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।