প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ ২০:৫৫ (বৃহস্পতিবার)
প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি মামুন 

ছবি: সংগৃহীত

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বাড়িতে পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে আনসার সদস্য নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসক বলেন, মহাসড়কের নির্মাণকাজ চলমান রয়েছে এবং অধিকাংশ এলাকায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া ও সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলছে। ক্ষতিপূরণের আবেদনকারী জমির মালিকরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের প্রাপ্য অর্থ পাবেন।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসকের সফর শুরু হয়। পরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এরপর বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা ভূমি অফিস, তাজপুর ইউনিয়ন ভূমি অফিস এবং ওসমানীনগরের এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন।

সফরকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জনসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।