প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ ২১:৩০ (বৃহস্পতিবার)
উজবেকিস্তানকে হারিয়ে কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান কাভা (CAVA) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দারুণ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (২২ জুলাই) ইসলামাবাদের লিয়াকত জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটি সেটেই দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। উজবেকিস্তানের শক্তিশালী রক্ষণ ও আক্রমণের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত ৩-২ সেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে প্রথম ম্যাচ থেকেই মূল্যবান ২ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।

শুরুতেই জয়ের দেখা পাওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবনিযুক্ত আব্দুল মুমিন সাদ্দাম বলেন, ‘কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আমাদের জাতীয় দল দারুণ সূচনা করেছে। খেলোয়াড়দের লড়াকু মানসিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথম ম্যাচের এই সাফল্য পুরো দলের মনোবল অনেক বাড়িয়ে দেবে।’

জয়ের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে আত্মবিশ্বাসী আব্দুল মুমিন সাদ্দাম বলেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টুর্নামেন্টে বাংলাদেশ আরও ভালো ফল করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভলিবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। দেশবাসীর দোয়া ও সমর্থন থাকলে সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারব।’

এদিকে দিনের অপর ম্যাচে স্বাগতিক পাকিস্তান দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৩-০ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে।

এছাড়া আরেক ম্যাচে কাজাখস্তান ৩-২ সেটে নেপালকে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। হারের পরও উজবেকিস্তান ও নেপাল টাইব্রেকারে গড়ানো ম্যাচে অংশ নেওয়ায় একটি করে পয়েন্ট পেয়েছে।

প্রথম দিন শেষে পয়েন্ট টেবিল:

১. পাকিস্তান – ৩ পয়েন্ট
২. বাংলাদেশ – ২ পয়েন্ট
৩. কাজাখস্তান – ২ পয়েন্ট
৪. উজবেকিস্তান – ১ পয়েন্ট
৫. নেপাল – ১ পয়েন্ট
৬. শ্রীলঙ্কা – ০ পয়েন্ট

উল্লেখ্য রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা ধরে রেখে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়।

উজবেকিস্তানের বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য শুধু দুটি পয়েন্টই নয়, বরং পুরো টুর্নামেন্টে ইতিবাচক বার্তা দেওয়ারও একটি বড় উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।