প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ ২২:২৭ (বৃহস্পতিবার)
ওসমানীনগরে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ বিক্রি: ৫ ফার্মেসিকে জরিমানা

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনিবন্ধিত ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা ড্রাগ সুপার সৌরভ কুমার কুণ্ডু।

অভিযানে গোয়ালাবাজার মেডিসিন সেন্টারকে ৩০ হাজার টাকা, মেসার্স ঊষা মেডিসিন সেন্টারকে ১৫ হাজার টাকা, মেসার্স বিবিয়ানা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, মেসার্স সেবা ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং রয়েল মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা ড্রাগ সুপার সৌরভ কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনিবন্ধিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।