প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ ১২:১৭ (শুক্রবার)
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, আলোচনায় যেসব বিএনপি নেতা

দেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন প্রবল হয়ে উঠেছে। গত বছরের এপ্রিলে দায়িত্ব নেওয়া আওয়ামী লীগ মনোনীত এই রাষ্ট্রপতি শিগগিরই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ ছেড়ে দিতে পারেন বলে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও শীর্ষ সাংবিধানিক পদে এখন পর্যন্ত বহাল রয়েছেন তিনি। পদত্যাগের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভের প্রেক্ষাপটে এই গুঞ্জন এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন সরে দাঁড়াতে পারেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী উত্তরসূরি হিসেবে কে আসবেন, তা নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিরুদ্দিন আহমেদ (নাসিমুল গণি) এর নাম নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছে। অন্যদিকে, রাজনৈতিক মহলে বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির আরও কয়েকজন শীর্ষ নেতার নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় উঠে আসছে।

তবে রাষ্ট্রপতির পদত্যাগ বা নতুন কাউকে নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।