সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকার ফাঁকা বাড়িঘর ও সম্পদের নিরাপত্তায় নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। প্রবাসীরা চাইলে তাদের ব্যক্তিগত সম্পত্তি পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের বিশেষ ব্যবস্থা করবে জেলা প্রশাসন। বুধবার (২৪ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সিলেটের একটি বড় জনগোষ্ঠী প্রবাসে বসবাস করেন। তাদের অনেক বাড়িঘর বছরের পর বছর জনশূন্য অবস্থায় পড়ে থাকে। এসব সম্পদ রক্ষা, চুরি রোধ কিংবা অনাকাঙ্ক্ষিত দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রবাসীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দাবি জানানো হচ্ছিল। সেই প্রেক্ষিতেই সরকার তাদের কল্যাণে আনসার সদস্য নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।’
তিনি আরও স্পষ্ট করেন যে, এই উদ্যোগটি মাঠপর্যায়ে বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের মতামত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানিয়েছেন, জেলা প্রশাসকের নির্দেশনাটি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একই সফরে সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণের অগ্রগতি সম্পর্কেও কথা বলেন জেলা প্রশাসক। তিনি জানান, মহাসড়ক প্রকল্পের অধিকাংশ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ও সাদীপুর ইউনিয়নের নির্দিষ্ট কিছু অংশে কাজ চলছে। তিনি ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আশ্বস্ত করে বলেন, প্রয়োজনীয় আবেদন সাপেক্ষে আইনগত পদ্ধতি অনুসরণ করে দ্রুততম সময়ে পাওনা ক্ষতিপূরণ প্রদান করা হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।