সিলেটের গোলাপগঞ্জে বিজিবি ও র্যাব-৯ এর এক যৌথ অভিযানে তিন কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও র্যাব-৯ এর একটি সমন্বিত দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে হেতিমগঞ্জ এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারিরা গাড়িটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ, শাড়ি এবং বিভিন্ন উন্নত ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।