ছবি: সংগৃহীত
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের ফাইনাল। এখানে একটি পাস, একটি ভুল, একটি বাক্য; সবকিছুই ইতিহাসের অংশ হয়ে যায়। ম্যাচের আগে ড্রেসিংরুমে কী হয়, কী বলা হয়, তা সাধারণত চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর সেই নীরব দেয়াল যেন ভেঙে পড়েছে। আর একটি মাত্র বাক্য; লিওনেল মেসির, ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’-বিশ্বজুড়ে অসংখ্য ব্যাখ্যার জন্ম দিয়েছে।
একজন নেতার কণ্ঠে এটি ছিল চাপমুক্ত থাকার আহ্বান। কিন্তু পরাজয়ের পর সেই একই বাক্য অনেকের কাছে হয়ে উঠেছে রহস্যের সংকেত। এটাই ফুটবল। জয় হলে একই কথা হয়ে যায় অনুপ্রেরণার মহাকাব্য, আর হারলে সেটিই হয়ে ওঠে ষড়যন্ত্রের প্রমাণ খোঁজার উপাদান।
মাঠে নামার আগে ভিডিওতে দেখা যায়, মেসি সতীর্থদের শান্ত থাকতে বলছেন। রোমেরো, দিবু মার্টিনেজ, লিসান্দ্রো, এনজো, পারেদেস; সবাই স্পেনকে থামানোর কৌশল নিয়ে আলোচনা করছেন। একজন কোচিং স্টাফের মতো নয়, বরং একজন অধিনায়কের মতো মেসি সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। দৃশ্যগুলোতে আতঙ্কের চেয়ে প্রস্তুতির ছাপই বেশি।
মেসির এই অনুপ্রেরণামূলক বার্তার পরপরই শুরু হয় খেলোয়াড়দের কৌশলগত আলাপ। ভিডিওতে দেখা যায়, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো স্পেনের আক্রমণভাগ সামলানো নিয়ে ব্যস্ত। বিশেষ করে স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামালকে কীভাবে চাপে রাখা যায়, তা নিয়ে চলছিল নিবিড় আলোচনা। লিসান্দ্রো মার্টিনেজও সতীর্থদের সতর্ক করে বলছিলেন যাতে স্পেনের ফুটবলাররা ভেতরে কাট করে পাস বা শট নেওয়ার সুযোগ না পায়। এমনকি তাগলিয়াফিকোকে নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেন লিসান্দ্রো।
মাঠে নামার আগের সেই উত্তেজনাকর মুহূর্তে মেসির কৌশলগত নির্দেশনাও ছিল স্পষ্ট। তিনি লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজকে খুব বেশি ওপরে উঠে না খেলার পরামর্শ দেন যাতে রক্ষণভাগ অরক্ষিত না হয়ে পড়ে। ভিডিওর শেষে গোলরক্ষক দিবু মার্টিনেজকে প্রচণ্ড আত্মবিশ্বাসী দেখা গেলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় ছিল না আলবিসেলেস্তেদের।
কিন্তু ফুটবল মাঠের ফলাফল বদলে দেয় সব ব্যাখ্যা।
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ভিন্ন এক ম্যাচ; যেখানে বলের চেয়ে বেশি দৌড়াতে থাকে কল্পনা।
কেউ বলছেন, আর্জেন্টিনাকে ইচ্ছাকৃতভাবে হারতে বাধ্য করা হয়েছে। কেউ দাবি করছেন, খেলোয়াড়দের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল। তারা বলছেন হেরে না গেলে ইউরোপের বিভিন্ন দেশে আর্জেন্টাইন ফুটবলার খেলতে পারবে না। আর এর পিছনে রয়েছে ইংল্যান্ড ও তাদের মিত্র ডোনাল্ড ট্রাম্প। ইংল্যান্ডের স্বার্থ প্রতিশোধ নেওয়া আর আমেরিকার স্বার্থ স্পেনের এয়ার বেস। যেখান থেকে ইরানকে হামলা করতে পারে। যেটা মাস তিনেক আগে অস্বীকার করেছিলো স্পেনের প্রেসিডেন্ট। তবে বিশ্বকাপের বিনিময়ে আর্জেন্টিনাকে চাপে ফেলে তা আদায় করে নিয়েছে আমেরিকা। কেউ আন্তর্জাতিক কূটনীতিকেও টেনে এনে এক বিশাল ষড়যন্ত্রের চিত্র আঁকার চেষ্টা করছেন। কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের কিছু বিশ্লেষণও সেই আলোচনায় নতুন জ্বালানি যোগ করেছে।
প্রশ্ন উঠছে, মেসি কেন ৬ মিনিটের সময় কাউন্টার এটাকে সহজ বল পেয়েও দৌড়ালেন না? স্পেনের গোল রক্ষক বল ক্লিয়ার করলেও আলভারেজ কেন বলটি ধরে লিসেন্দ্রোর কাছে দিলেন না? লাউতারো কোথায় ছিলেন? কেন পুরো ম্যাচে আর্জেন্টিনা অন-টার্গেটে একটি শটও নিতে পারল না? শুরুতে দুজন খেলোয়াড়ের ইনজুরিতে পরে মাঠ ত্যাগ কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বাস্তবতার চেয়ে কল্পনার ওপর বেশি ভরসা করছেন।
কিন্তু ফুটবল কি সত্যিই এত সরল? একটি দল খারাপ খেলতে পারে। প্রতিপক্ষের কৌশলে আটকে যেতে পারে। স্নায়ুচাপে ভুল করতে পারে। ইতিহাসও তাই বলে। ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনাল। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল। দুই ম্যাচেই আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলমুখে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। ২০২৬ সালের ফাইনালেও অন-টার্গেটে শটের খাতা শূন্য। এটি নিঃসন্দেহে হতাশাজনক, কিন্তু এই পরিসংখ্যান একাই কোনো ষড়যন্ত্রের প্রমাণ নয়। বরং বড় ম্যাচে মানসিক চাপ আর্জেন্টিনাকে বহুবার গ্রাস করেছে; এমন যুক্তিও উড়িয়ে দেওয়া যায় না।
অন্যদিকে, যারা স্পেনের জয়কে স্বাভাবিক বলছেন, তাদের যুক্তিও একেবারে ভিত্তিহীন নয়। সাম্প্রতিক সময়ে দুই দলের শক্তির তুলনায় স্পেন ছিল অধিক সংগঠিত, দ্রুত এবং ধারালো। ফাইনালেও বলের দখল, আক্রমণের গতি ও সুযোগ তৈরিতে তাদের আধিপত্য স্পষ্ট ছিল। সর্বশেষ দেখায় এই স্পেন আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারিয়েছিল। এমন লজ্জাজনক পরাজয় থেকে এবার আর্জেন্টিনাকে রক্ষা করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কয়েকটি অবিশ্বাস্য সেভ না করলে ব্যবধান গতবারের মতো হতে পারত বলেও অনেক বিশ্লেষকের মত।
তবে সবচেয়ে বড় প্রশ্নটি অন্য জায়গায়। যদি সত্যিই কোনো ফুটবলার ইচ্ছাকৃতভাবে নিজের দেশের হয়ে হারতে মাঠে নামেন, তাহলে সেটি শুধু একটি ম্যাচ হারার ঘটনা নয়; সেটি নিজের পতাকা, নিজের মানুষ, দেশ মাতৃকা, নিজের ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এমন অভিযোগ প্রমাণ ছাড়া করা যেমন দায়িত্বজ্ঞানহীন, তেমনি আবেগের বশে তা সত্য ধরে নেওয়াও বিপজ্জনক। ফাইনালে স্পেনের দাপট দেখার পরও আর্জেন্টাইন সমর্থকরা বিশ্বাস করে আর্জেন্টিনা খারাপ খেলে হেরেছে মেসি ও তার দল দেশকে বিক্রি করে দিয়েছে লোভে পরে!
ফুটবলের ইতিহাস বলে, পরাজয় মানুষ সহজে মেনে নিতে পারে না। তাই হারের পর জন্ম নেয় অজুহাত, অভিযোগ, ষড়যন্ত্র, গুজব। কারণ অনেক সময় সত্যের চেয়ে কল্পনা মানুষের কাছে বেশি স্বস্তিদায়ক। ‘আমরা হেরে গেছি কারণ প্রতিপক্ষ ভালো খেলেছে’-এই বাস্তবতা মেনে নেওয়ার চেয়ে ‘আমাদের হারিয়ে দেওয়া হয়েছে’, -এই বিশ্বাস অনেকের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে।
মেসির সেই কথাটিও হয়তো এমনই একটি বাস্তবতার শিকার।
‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’-হয়তো তিনি বলতে চেয়েছিলেন মাঠের বাইরের চাপ ভুলে যেতে। অথচ পরাজয়ের পর সেই কথাই মাঠের বাইরের সবচেয়ে বড় আলোচনায় পরিণত হয়েছে।
ফুটবলে প্রশ্ন থাকবে, বিশ্লেষণ থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু অভিযোগ যখন প্রমাণের সীমা পেরিয়ে কল্পনার জগতে প্রবেশ করে, তখন তা আর বিশ্লেষণ থাকে না; হয়ে ওঠে গল্প।
হয়তো একদিন এই ফাইনালের সব অজানা তথ্যও সামনে আসবে। হয়তো প্রমাণ হবে কেউ ভুল ছিল, কেউ ঠিক ছিল। কিন্তু আজ পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ আসেনি, যা থেকে নিশ্চিতভাবে বলা যায় আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দিয়েছে বা কোনো আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে।
ফুটবল শেষ পর্যন্ত একটি খেলা। এখানে কখনো প্রতিভা জেতে, কখনো কৌশল, কখনো ভাগ্য। আর কখনো, পরাজয়ের বেদনা এমন গভীর হয় যে মানুষ বাস্তবের চেয়ে রহস্যকেই বেশি বিশ্বাস করতে শুরু করে। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল সেই বিশ্বাস ও বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিতর্কিত স্মৃতি হয়ে থাকবে বহুদিন।