প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ ১৫:০৬ (শুক্রবার)
সিলেটে হামে শিশু মৃ/ত্যু বেড়ে ১০৮

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। প্রায় প্রতিদিনই চিকিৎসারত শিশুদের মৃত্যুর খবর আসছে হাসপাতালগুলো থেকে। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও এক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ। এ নিয়ে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার সকালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ প্রাণ হারানো শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোপালপুর এলাকায়। 

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়, যেখানে ৪৮ জন শিশু মারা গেছে। এছাড়া সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৮ জন শিশু। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ওসমানী মেডিকেল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।

সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত শিশুদের প্রায় ৯৫ শতাংশই হামের টিকা গ্রহণ করেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, মূলত অজ্ঞতা, ধর্মীয় কুসংস্কার এবং টিকা গ্রহণে অনীহার ফলে চা-বাগান ও হাওরাঞ্চলের একটি বড় অংশ টিকার প্রচারণার বাইরে থেকে গেছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকাতেই মৃত্যুহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তিনি অভিভাবকদের প্রতি শিশুদের নির্ধারিত সময়ে টিকা দান নিশ্চিত করার এবং জ্বর ও ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে জোর তাগিদ দিয়েছেন।