প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ ১৬:৪৬ (শুক্রবার)
যুক্তরাজ্যে সিলেট বিএনপি নেতার স্ত্রী-কন্যাসহ ৩ জনের মৃ/ত্যু

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে জোয়ারের প্রবল স্রোতে ডুবে তিন ব্রিটিশ-বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে একই পরিবারের মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় ও সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ডা. মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাঁর ১৫ বছর বয়সী কিশোরী কন্যা সামিয়া রহমান এবং সেলিনা রহমানের ভাগ্নে ৯ বছর বয়সী শিশু মূসা আহমেদ। সেলিনা রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জের ছাতকের প্রবীণ নেতা মুজিবুর রহমানের কন্যা। ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা প্রয়াত শেখ মখন মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে লন্ডনের কাছাকাছি এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে সপরিবারে সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। আনন্দঘন মুহূর্ত পালনের সময় হঠাৎ সাগরে তীব্র জোয়ারের স্রোত আসে। স্রোতের টানে ছোট শিশু মূসা আহমেদ সাগরের গভীরে তলিয়ে যেতে থাকলে তাঁকে বাঁচাতে মা সেলিনা রহমান ও কিশোরী কন্যা সামিয়া রহমান পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু জোয়ারের শক্তিশালী টানে তিনজনই সাগরের অতল জলে হারিয়ে যান।

ঘটনার পরপরই এসেক্স পুলিশ, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট এবং কোস্টগার্ডের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তিনটি এয়ার-অ্যাম্বুলেন্স এবং স্পিডবোটের সাহায্যে দীর্ঘ চেষ্টার পর তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন)  প্রদান করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে সেলিনা রহমান ও তার কন্যা সামিয়া রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান এবং শিশু মূসা আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তাছাড়া দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রিয়জনদের এমন বিয়োগান্তক মৃত্যুতে ডা. মনসুর রহমান ও মুজিবুর রহমানসহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা।