প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ ২০:০২ (শুক্রবার)
দুই দিনের সফরে সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

ছবি: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি দুই দিনের সফরে শুক্রবার (২৪ জুলাই) সিলেট আসছেন। সফরকালে তিনি লাক্কাতুরায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন, উল্টা রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ, অনুদান ও উপবৃত্তি বিতরণসহ বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। 

তিনি শুক্রবার সকাল ১১:২০ মিনিটে সিলেট পৌছে সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন।

বিকেল ৩ টায় কাজলশাহস্থ যুগলটিলা ইসকন মন্দিরে আয়োজিত উল্টা রথযাত্রা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে বাণিজ্যমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ২৭৫ ব্যান্ডেল টিন ও ২৫টি সেলাই মেশিন বিতরণ করবেন।

পরবর্তীতে এদিন বিকেল ৫ টায় একই স্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ১৯৩ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ২৯টি বাইসাইকেল এবং ১৯ জন দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান করবেন তিনি। সন্ধ্যা ৭ টায় হিলভিউ টাওয়ারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি পাড়া কমিটি, সেন্টার কমিটি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।  

সফরের দ্বিতীয় দিন শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে এক যৌথ সভায় যোগ দেবেন মন্ত্রী। বেলা ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘রাইজ’ এবং ‘ইউরোকিডস’ স্কুলের বার্ষিক দিবস ও স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুপুর ১২ টায় সুলেমান হলে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

সফর শেষে শনিবার দুপুর ২:৪০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।