ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাবা ও সাবেক ফুটবলার কার্লোস ‘কোলো’ ম্যাক অ্যালিস্টার।
ফাইনালের একদিন পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শুরুর ঠিক আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে অধিনায়ক লিওনেল মেসি বলছেন, ‘চলো, সবাই। শান্ত হও, শান্ত হও; এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্ত থাকো। শুধু খেলার কথাই ভাবি, আর কিছু নয়। সবকিছু ভুলে যাও। শুধু খেলি, খেলাটাই ভাবি। চল, সবাই।’
মেসির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর অনেক সমর্থক ধারণা করেন, ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে হয়তো কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা উত্তেজনা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এমন গুঞ্জন শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারও। তিনি ছেলেকে বার্তা পাঠিয়ে জানতে চান, ড্রেসিংরুমে আদৌ কোনো সমস্যা হয়েছিল কি না।
রেডিও লা রেড-কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, “আমি অ্যালেক্সিসকে মেসেজ করে জিজ্ঞেস করেছিলাম, ‘ড্রেসিংরুমে কী হয়েছিল? কোনো সমস্যা হয়েছিল?’ আমিও চিন্তায় ছিলাম। যদি সত্যিই কিছু ঘটত, তাহলে আমার ছেলে নিশ্চয়ই আমাকে জানাত।”
জবাবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার স্পষ্ট জানিয়ে দেন, ড্রেসিংরুমে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। খেলোয়াড়রা শুধুমাত্র ম্যাচের কৌশল নিয়ে আলোচনা করছিলেন।
কার্লোস ম্যাক অ্যালিস্টার বলেন, ‘অ্যালেক্সিস আমাকে জানিয়েছে, তারা মাঠে নেমে কীভাবে খেলবে সেটি নিয়েই কথা বলছিল। যেমন- পাস দেওয়া, বল অন্যের কাছে পৌঁছে দেওয়া, ট্রায়াঙ্গেল তৈরি করা, অযথা লম্বা বল না মারা এবং সহজে বলের দখল না হারানো। মেসির কথার অর্থ ছিল সবাইকে শান্ত থেকে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে বলা। কিন্তু ভিডিওটি প্রকাশের পর নানা ধরনের জল্পনা তৈরি হয় এবং অনেকেই আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছেন।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরে প্রকাশিত আরেকটি দীর্ঘ ভিডিওতে ম্যাচ শুরুর আগের আরও কিছু দৃশ্য উঠে এসেছে।
ভিডিওতে দেখা যায়, সাদা আর্জেন্টিনা জ্যাকেট পরে ড্রেসিংরুম থেকে সতীর্থদের নেতৃত্ব দিয়ে বেরিয়ে আসছেন মেসি। চারদিকে তখন শোনা যাচ্ছিল ‘ভামোস মুচাচোস’ (চলো, ছেলেরা) ধ্বনি। কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরাও দলকে উৎসাহ দিচ্ছিলেন।
পরে মাঠে প্রবেশের আগে দুই দলের খেলোয়াড়রা অপেক্ষার সারিতে দাঁড়ালে মেসি এগিয়ে গিয়ে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে একে একে শুভেচ্ছা বিনিময় করেন। কারও সঙ্গে করমর্দন, কারও কাঁধে হাত রাখা কিংবা সংক্ষিপ্ত আলিঙ্গনের মাধ্যমে প্রতিপক্ষের প্রতি সৌহার্দ্য প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ড্রেসিংরুমে কোনো অস্থিরতা ছিল- এমন জল্পনার মধ্যেই ম্যাক অ্যালিস্টারের বাবার এই বক্তব্য কার্যত বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মেসির বার্তা ছিল শুধুই সতীর্থদের মানসিকভাবে স্থির রাখা এবং ম্যাচের প্রতি পুরোপুরি মনোযোগী হওয়ার আহ্বান।