প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ ১৩:২০ (শনিবার)
আবেদনের শেষ সময় বিকাল তিনটায়, বিজ্ঞপ্তি প্রকাশ রাতে!

ছবি: সংগৃহীত

সিলেটে সদর উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দেখা দিয়েছে বিভ্রান্তি। বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত আবেদনের শেষ সময় থাকলেও সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ ও বিভিন্ন স্থানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয় বৃহস্পতিবার রাতে। এতে করে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হোন স্থানীয়রা। 

আবেদন পত্রে বলা হয়, আগামী এক আগস্ট থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু হবে। সে লক্ষ্য সিলেট সদর উপজেলার তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হবে। তাতে গত ২১ জুলাই থেকে ২৩ জুলাই বিকেল তিনটা পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। যদিও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৩ জুলাই রাতে। 

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, কিছুটা অস্পষ্টতা থাকায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হয়েছে। যা আমাদের ভুল হয়েছে। এছাড়া নতুন করে সময় বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।