ছবি: সংগৃহীত
সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে রোকেয়া বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোকেয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচান গ্রামের আমির আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নগরীর ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, গভীর রাতে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।