ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনগুরুত্বপূর্ণ হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের বেহাল দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়কটি পরিদর্শনে গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় সড়কটি পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই করতে আরসিসি ঢালাইয়ের কোনো বিকল্প নেই।
তিনি স্থানীয়দের আহ্বান জানিয়ে বলেন, 'আপনারা যদি সড়কের দুপাশ থেকে প্রয়োজনীয় জায়গা ছাড়েন, তবে আমরা পুরো সড়কটি আরসিসি পদ্ধতিতে প্রশস্ত করে নির্মাণ করব।' একই সঙ্গে তিনি কাপনা নদীর ওপর বিদ্যমান জরাজীর্ণ সেতুটি ভেঙে আরও প্রশস্ত ও আধুনিক সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সড়কের স্থায়িত্ব রক্ষায় স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে সড়কের পাশের গাছপালা পরিষ্কার রাখা এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। টেকসই উন্নয়নের জন্য সুপরিকল্পিত নিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।