প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ ২০:৩৯ (রবিবার)
সুরমা- কুশিয়ারায় পানি কমছে

ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। তবে কুশিয়ারা নদী এখনও সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এফএফডব্লিউসির সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে। আগামী তিন দিনও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বন্যা পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও কমতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সেলোনিয়া নদীর পানি কিছুটা বেড়েছে। তবে মুহুরী, গোমতী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও ফেনী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।