ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে একটি বড় পদক্ষেপ।’
তিনি দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আন্দোলনের ফলে একটি গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে।
তবে রাহুলের মতে, আন্দোলনের আরও দুটি দাবি এখনো পূরণ হয়নি। তিনি বলেন, ‘শিক্ষার্থী এবং ভারতের ভবিষ্যৎকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখনো বাকি।’
রাহুল গান্ধী আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, এই সরকারের দমন-পীড়নের শিকার কৃষক, শ্রমিক ও দরিদ্র মানুষেরও সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সাহসের সঙ্গে এগিয়ে আসার সময় এসেছে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘এই সরকারকে সরানোর সময় এসেছে। ভয় পাবেন না!’