প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ ২২:০৩ (রবিবার)
আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’

ছবি: সংগৃহীত

মার্ভেল ভক্তদের জন্য এলো দারুণ সুখবর। আনুষ্ঠানিকভাবে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছে মার্ভেল স্টুডিও। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের ১৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সুপারহিরো সিনেমা।

২০২৬ সালের সান দিয়েগো কমিক-কনে মার্ভেল জানায়, এবার ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রে দেখা যাবে অভিনেতা ডেভিড জনসনকে। তিনি অভিনয় করবেন রাজা টি’চাল্লার ছেলে প্রিন্স টি’চাল্লা দ্বিতীয়-এর ভূমিকায়। এর মধ্য দিয়ে ওয়াকান্ডার নতুন রক্ষক হিসেবে ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজিতে শুরু হবে নতুন অধ্যায়।

সিনেমার গল্পে দেখানো হবে, শৈশবে পরিচিত হওয়া টি’চাল্লা দ্বিতীয় কীভাবে বড় হয়ে ওয়াকান্ডার নতুন অভিভাবক ও ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব গ্রহণ করে।

আগের দুটি সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্বে থাকছেন রায়ান কুগলার। পাশাপাশি ‘শুরি’ চরিত্রে লেটিশিয়া রাইট এবং ‘এম'বাকু’ চরিত্রে উইনস্টন ডিউক আবারও ফিরছেন।

‘ব্ল্যাক প্যান্থার’-এর প্রথম সিনেমায় রাজা টি’চাল্লার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোসম্যান। ২০২০ সালে তার অকালমৃত্যুর পর ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমায় শুরিকে ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব নিতে দেখা যায়। একই সিনেমায় প্রথমবারের মতো দর্শকদের সামনে আসে টি’চাল্লা ও নাকিয়ার ছেলে টি’চাল্লা দ্বিতীয় চরিত্রটি।

অভিনেতা ডেভিড জনসন এর আগে ‘অ্যালিয়েন: রোমুলাস’ এবং ‘দ্য লং ওয়াক’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর মাধ্যমে তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় সুপারহিরোর উত্তরাধিকার বহন করার দায়িত্ব নিতে যাচ্ছেন।

মার্ভেলের আশা, নতুন প্রজন্মের ব্ল্যাক প্যান্থারকে ঘিরে এই সিনেমা দর্শকদের সামনে ওয়াকান্ডার গল্পকে আরও বিস্তৃত ও নতুন মাত্রায় তুলে ধরবে।