ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালামকে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানোর অভিযোগ এবং সম্প্রতি একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনে বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় হাজারো মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ২০১৯ সালের ৯ নভেম্বর আব্দুল মান্নান বুতুল বিষপানে মারা যাওয়ার ঘটনায় দায়ের হওয়া সি.আর.-১৬৭/২০১৯ নম্বর মামলায় বারবার তদন্ত করা হলেও আব্দুস সালামের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে সাক্ষীরাও একই ধরনের বক্তব্য দিয়েছেন।
বক্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন আব্দুল মান্নান বুতুল পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হয়ে বিষপান করেন। পরে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এসে বিষপানের কথা জানান।
স্থানীয়রা খবর দিলে ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন তিনি।
বক্তারা প্রশ্ন তুলে বলেন, একাধিক তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে আব্দুস সালামের সম্পৃক্ততা না পাওয়া গেলে তার বিরুদ্ধে কীভাবে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো—এ বিষয়ে সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
তারা আরও বলেন, ‘আব্দুস সালাম চারবারের নির্বাচিত জনপ্রতিনিধি। স্থানীয় মানুষের বিপুল উপস্থিতিই প্রমাণ করে তিনি একজন জনবান্ধব জনপ্রতিনিধি।’ তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রত্যাহার এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উস্তার হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন মাওলানা শিহাব উদ্দিন।
এতে বক্তব্য দেন- আব্দুল মালেক আনিস, মকবুল ইসলাম (মখই মিয়া), মাওলানা আব্দুল বাসিত, জৈন উদ্দিন (মেম্বার), ছনুহর আলী ছনু (মেম্বার), ফারুক আহমেদ ফুরুক (মেম্বার), আব্দুল কুদ্দুস বুদুর (মেম্বার) এবং সড়কের বাজারের ব্যবসায়ী দেলওয়ার হোসেন দুলু।
এ সময় কাজলসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।