ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ক্লাব ফুটবলে দারুণ প্রত্যাবর্তন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সান্তোসের জার্সিতে ফিরেই জোড়া গোল করে নিজের ছন্দের ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ম্যাচ শেষ হতে না হতেই এসেছে দুঃসংবাদ- হলুদ কার্ডের কারণে ব্রাজিলিয়ান লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।
শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আধিপত্য দেখাতে না পারলেও বিরতির আগেই দলকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় করা গোলটি সান্তোসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। দ্রুত দুই গোল করে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সান্তোস। অবশেষে ৮৯তম মিনিটে ডি-বক্সে ক্যাবায়েরোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে সান্তোসকে ২-২ সমতায় ফেরান নেইমার।
তবে ম্যাচজুড়েই রেফারির একাধিক সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ব্রুনো তুবারার সঙ্গে ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।
এই হলুদ কার্ডই নেইমারের জন্য বড় ধাক্কা হয়ে আসে। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী প্রতি তিনটি হলুদ কার্ডের পর একটি ম্যাচে নিষিদ্ধ থাকতে হয়। টানা তিন ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় এবার আবারও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। চলতি মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। এর আগে একই কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছিলেন নেইমার।
ফলে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলের এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বিশ্বকাপের হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাঝেই এই নিষেধাজ্ঞা সান্তোসের জন্যও বড় ধাক্কা হয়ে এলো।