প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ১১:৫৭ (সোমবার)
শাপলা চত্বরে হ/ত্যায/জ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ ও সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকের নামও রয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তার সঙ্গে প্রসিকিউটর মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই অভিযোগের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, এই মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ৯ জন বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মোটর সাইকেল চালক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।