প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ১৩:৫৫ (সোমবার)
সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ কর্মসূচি প্রত্যাহার

সিলেটসহ সারাদেশে আগামী ৩০ জুলাই ঘোষিত সিএনজি স্টেশন বন্ধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ফলে ওই দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।

সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন-এর নেতারা। তারা জানান, দেশজুড়ে বিদ্যমান গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কমিশন বৃদ্ধি সহ চার দফা দাবিতে ৩০ জুলাই সারা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে আপাতত সেই কর্মসূচি স্থগিত রেখে দাবি আদায়ে সরকারকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সংগঠনের নেতারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির মূল্য বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল, সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা এবং বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

এ সিদ্ধান্তে সিএনজি নির্ভর যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।